সিলেট থেকে কেনা শখের তিন কুরবানির গরু ছিনতাই, উদ্ধার করলো পুলিশ
কুরবানির ঈদকে সামনে রেখে শখ করে সিলেট থেকে কেনা তিনটি গরু চট্টগ্রামে নেওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন এক ক্রেতা। রাজধানীর বংশাল থানা পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে গরু তিনটি। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।
বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে ১০টায় সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন ২১ মে রাত আনুমানিক ০৩:০০ ঘটিকার দিকে গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে গরু তিনটি ছিনতাই করে নিয়ে যায়।
আরও পড়ুন: কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণ, বাড়ির মালিক গ্রেফতার
ঘটনার পর এ বিষয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ মে) রাজধানীর বংশাল থানাধীন আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান পরিচালনা করে বংশাল থানা পুলিশের একটি টিম। অভিযানে ছিনতাইকৃত তিনটি গরু উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত গরু তিনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। শখের কুরবানির গরু ফিরে পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।
আরও পড়ুন: তেজগাঁওয়ে স্পোর্টস কার ও ইভি প্রদর্শনীতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান





