ঈদ শেষে ঢাকামুখী মানুষের ফিরতি ঢল, স্বস্তিতে যাত্রা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ১:০৯ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নাড়ির টান ছেড়ে আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথে ঢাকামুখী মানুষের উপস্থিতি বাড়তে দেখা গেছে। তবে চিরচেনা ভোগান্তি ছাড়াই এবারের ফিরতি যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানান, এবারের ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় যাত্রীরা ধাপে ধাপে ঢাকায় ফিরছেন। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী উপস্থিতি থাকলেও তা ছিল সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত।

আরও পড়ুন: ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি

রোববার (২২ মার্চ) বিকেল থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘উপকুল এক্সপ্রেস’ প্রায় এক হাজার যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায়।

ট্রেনের যাত্রী মোস্তাফিজুর রহমান জানান, অফিস খোলার কারণে ঈদ উদযাপন শেষে দ্রুতই ঢাকায় ফিরতে হয়েছে তাকে। তিনি বলেন, বাসের তুলনায় ট্রেনে যাত্রা বেশি আরামদায়ক ও নির্বিঘ্ন হওয়ায় তিনি এ মাধ্যমটি বেছে নিয়েছেন।

আরও পড়ুন: রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল, সড়ক-রেল-নৌপথে চাপ ও ভোগান্তি

অন্য যাত্রী শাহজালাল জানান, এক সপ্তাহ আগে গ্রামে গিয়েছিলেন। এখন জীবিকার তাগিদে আবার ঢাকায় ফিরছেন।

এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও সোমবার ভোর থেকে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোর ভিড় বাড়তে থাকে। যাত্রীরা জানান, দীর্ঘ ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এখন তারা কর্মস্থলে ফিরছেন।

অন্যদিকে ঈদের তৃতীয় দিনেও অনেক মানুষ ঢাকার বাইরে যাচ্ছেন। কেউ কেউ ঈদের ভিড় এড়াতে পরে গ্রামে যাচ্ছেন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে।

সব মিলিয়ে এবারের ঈদ শেষে ঢাকায় ফেরা যাত্রা স্বস্তিদায়ক ও তুলনামূলক কম ভোগান্তির মধ্যেই সম্পন্ন হচ্ছে।