উৎসবমুখর আয়োজনে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩’ সম্পন্ন
সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ‘বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১০টার দিকে পুনরায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
আরও পড়ুন: মশক নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
বর্ণিল স্ক্রল পেইন্টিং, বৈচিত্র্যময় মোটিফ এবং ঢাকের তালে এগিয়ে চলা শোভাযাত্রা পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি করে এক প্রাণবন্ত উৎসবের আবহ। অংশগ্রহণকারীদের হাতে নানা প্রতীকী উপকরণ ও শিল্পকর্ম শোভাযাত্রাটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের সুরে ঐক্য, গণতন্ত্রের পুনর্জাগরণ।’ শোভাযাত্রায় ব্যবহৃত মোরগ, হাতি, পায়রা, টেপা পুতুল-ঘোড়া ও দোতারা মোটিফগুলো বাঙালির ঐতিহ্য, শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। পটশিল্পী টাইগার নাজিরের নির্মিত পটচিত্রগুলোও দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
আরও পড়ুন: যানজট নিরসনে মানা হচ্ছে না প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
শোভাযাত্রার শুরুতে পুলিশের অশ্বারোহী দল অংশ নেয়। এরপর জাতীয় পতাকা বহনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী শোভাযাত্রায় যোগ দেন। তাদের পর সাংবাদিক এবং প্রধান ব্যানারসহ রাষ্ট্রীয় অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে এবারের শোভাযাত্রা প্রাণবন্ত ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়।





