ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশ সুপারিশ করা হয়। আগামী ২৯ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য প্রস্তাবটি উপস্থাপন করা হবে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ অর্থবছরে ডিবিএইচ ফাইন্যান্স কর-পরবর্তী নিট মুনাফা করেছে ৯৫ কোটি ১৫ লাখ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৬৯ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৪ টাকা ৯৭ পয়সা।
আরও পড়ুন: তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিলের সিদ্ধান্ত
এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৪ সালের ৪৬ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ২০২৫ সালের শেষে ৪৯ টাকা ৫৫ পয়সায় উন্নীত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ডিবিএইচের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) দাঁড়িয়েছে ৩০ দশমিক ৪৬ শতাংশ এবং রিটার্ন অন ইকুইটি (আরওই) ৯ দশমিক ৮ শতাংশ।
১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর গত তিন দশকে ডিবিএইচ দেশে প্রায় ৬৩ হাজারের বেশি পরিবারকে ১৭ হাজার ৬০০ কোটি টাকারও বেশি গৃহঋণ প্রদান করেছে।
আরও পড়ুন: দাম বাড়ল বোতলজাত সয়াবিন তেলের
বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের সব বিভাগীয় শহরসহ ১৭টি শাখার মাধ্যমে হোম লোন, ইসলামিক হাউজিং ফাইন্যান্স, সাশ্রয়ী আবাসন ঋণ এবং আমানত সেবা প্রদান করছে।
ডিবিএইচের খেলাপি ঋণের হার প্রায় ১ শতাংশের কাছাকাছি। পাশাপাশি প্রতিষ্ঠানটি টানা ২০ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ (AAA)’ অর্জন করে আসছে।





