৬৫ হাজার প্রধান শিক্ষকের জন্য সুখবর দিলো সরকার
দেশের ৬৫,৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ও ভাতা ১০ম গ্রেডে উন্নীত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখার সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুর রহমান, যা মঙ্গলবার একটি চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এখন থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১০ম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকেরা ১২তম গ্রেডে অবস্থান করছেন।
আরও পড়ুন: চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা
তবে এই গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি নিতে হবে। বেতন স্কেল নির্ধারণের দায়িত্ব থাকবে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের হাতে। এছাড়া, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে। পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে নিয়োগবিধি সংশোধন করতে হবে।
প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি আদেশ জারি হওয়ার ১৬ মাসের মধ্যে নির্ধারিত প্রশিক্ষণ (Basic Training for Primary Teachers) সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: তীব্র বৃষ্টিতে জলবদ্ধ ঢাবি, বিপাকে শিক্ষার্থীরা
চিঠিতে আরও বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় বেতন গ্রেড উন্নীতকরণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি আদেশের একটি কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাবে।





