শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:১৭ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে একবার ভর্তি হওয়া শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) জারি করা এ নীতিমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) জন্য ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত ফি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত টিউশন ফির বাইরে নতুন কোনো খাত সৃষ্টি করে অতিরিক্ত অর্থ আদায় নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ ডাকসুর

নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব আয়-ব্যয় প্রচলিত সরকারি আর্থিক বিধি-বিধান অনুসরণ করে পরিচালনা করতে হবে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালিত হবে এবং প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণের দায়িত্ব থাকবে প্রতিষ্ঠান প্রধানের ওপর।

পরিচালনা কমিটির মাধ্যমে কোনো আর্থিক অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: চবি সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য নির্বাচিত হলেন অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া

শিক্ষাপ্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে সরকারি মালিকানাধীন ব্যাংককে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের টিউশন ফি, দান-অনুদান ও সম্পত্তি থেকে প্রাপ্ত সব আয় নির্ধারিত ব্যাংক হিসাব অথবা সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) কিংবা অন্যান্য সরকারি মালিকানাধীন ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে।

তবে জরুরি পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নির্দেশনা সাপেক্ষে নগদ অর্থ গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে আদায়কৃত অর্থ দুই কর্মদিবসের মধ্যে ব্যাংক হিসাবে জমা দিতে হবে।

আয়-ব্যয়ের কোনো খাতে সংযোজন, বিয়োজন বা পরিবর্তন করতে হলে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বানুমোদন প্রয়োজন হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত খাতে আদায়কৃত অর্থ যথাযথ প্রক্রিয়ায় জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নতুন এ নীতিমালার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।