ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করেছে ইসি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:২৪ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন এবং জনগণের কাছে এর নিরপেক্ষতা দৃশ্যমান করতে জেলা ও মেট্রোপলিটন এলাকায় ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, জেলা ও মেট্রোপলিটন এলাকায় রিটার্নিং অফিসারের নেতৃত্বে বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং বেসরকারি পর্যায়ের দলনিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে এ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বেও পৃথক ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করা হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট, মোতায়েন ৯ লাখ ৫৮ হাজার নিরাপত্তা সদস্য

এ ছাড়া রিটার্নিং অফিসারের নেতৃত্বে সহকারী রিটার্নিং অফিসার এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন মনিটরিং টিম গঠন করা হয়েছে। এ টিম নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় করবে।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কর্মকাণ্ডে সমন্বয় ও সুসংহতকরণের লক্ষ্যে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের দিন প্রতি দুই ঘণ্টা পরপর ভোটের হার জানাবে ইসি

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপতথ্য পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য পৃথক আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলও গঠন করেছে ইসি। এসব সেলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা যুক্ত রয়েছেন।

নির্বাচন কমিশন আশা করছে, এসব উদ্যোগের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব হবে।