একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন। বুধবার (১ এপ্রিল) বেলা ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার খালাতো বোন ও প্রখ্যাত সংগীতশিল্পী সাদিয়া আফরীন মল্লিক। তার মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারি, ফারহিন খান জয়িতাসহ অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
পরিবার সূত্রে জানা যায়, সঙ্গীতই ছিল ডালিয়া নওশীনের জীবনের মূল অনুষঙ্গ। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি নিয়মিত কণ্ঠচর্চা চালিয়ে গেছেন এবং সুযোগ পেলেই মঞ্চ ও টেলিভিশনে গান পরিবেশন করেছেন। ক্যান্সার জয় করার পর শেষ কয়েক বছর তিনি লিভারের জটিলতায় ভুগছিলেন।
১৯৫৫ সালে জন্ম নেওয়া ডালিয়া নওশীন ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগী ছিলেন। তার বাবা মাজহারুল ইসলাম ছিলেন উপমহাদেশের খ্যাতনামা স্থপতি, যার কাছ থেকেই তিনি সঙ্গীতে অনুপ্রেরণা পান। মাত্র পাঁচ বছর বয়সে তিনি কিংবদন্তি শিল্পী সুধীন দাশের কাছে উত্তর ভারতীয় ধ্রুপদী সংগীত ও নজরুল সংগীতের তালিম শুরু করেন। পরে ছায়ানট থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন এবং ভারতে উচ্চাঙ্গ সংগীতে প্রশিক্ষণ নেন।
আরও পড়ুন: দ্বিতীয়বার মা সোনম কাপুর, পুত্রসন্তান জন্মে আনন্দে কাপুর পরিবার
মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতার পক্ষে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। পরবর্তীতে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়ে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন।
সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি একুশে পদক লাভ করেন। এছাড়া ভারতের বর্ধমানের অন্তর সংগীত মহাবিদ্যালয় ও চণ্ডীগড়ের প্রাচীন কলা কেন্দ্র থেকে উত্তর ভারতীয় ধ্রুপদী সংগীত ও নজরুল সংগীতে ‘সঙ্গীত বিশারদ’ উপাধি অর্জন করেন।





