মেয়ের প্রথম জন্মদিনে অপূর্বর আবেগঘন পোস্ট, প্রকাশ করলেন ছবি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৪০ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ অভিনয়জীবনে সাবলীল অভিনয়, চরিত্রের বৈচিত্র্য আর পর্দায় স্বতন্ত্র উপস্থিতি দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। পর্দায় নানা চরিত্রে মুগ্ধ করা এই অভিনেতার ব্যক্তিজীবনের আনন্দঘন মুহূর্তও ভক্তদের কাছে বিশেষ আগ্রহের। এবার মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন পোস্ট দিয়ে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন অপূর্ব। প্রকাশ করেছেন মেয়ের ছবিও।

মেয়েকে ভালোবাসা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’ অপূর্ব ও তাঁর স্ত্রী শাম্মা দেওয়ানের মেয়ের নাম আনায়া।

আরও পড়ুন: ৩৯ বছর পর ‘মিস্টার ইন্ডিয়া’র পোশাকে অনিল কাপুর

এর আগে গত বছরের ডিসেম্বরে কন্যাসন্তানের বাবা হওয়ার খবর জানিয়েছিলেন এই অভিনেতা। তবে মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে এবারই প্রথম তার ছবি প্রকাশ্যে আনলেন তিনি। ছবিতে আনায়ার মাথায় দেখা গেছে ছোট্ট একটি মুকুট।

মেয়েকে ঘিরে গত এক বছরের অনুভূতি তুলে ধরে অপূর্ব লিখেছেন, ‘এক বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলে, তারপর পৃথিবীর সবকিছুই বদলে গেছে।’ সময় কীভাবে কেটে গেছে, তা বুঝতেই পারেননি জানিয়ে তিনি বলেন, মেয়ের আগমনে তাঁদের পৃথিবী আরও সুন্দর হয়ে উঠেছে।

আরও পড়ুন: প্রান্তর-ইউমনার ‘এভাবেও প্রেম আসে’, দেখা যাবে আগামীকাল

মেয়েকে বড় হতে দেখা, নতুন নতুন বিষয় আবিষ্কার করতে শেখা এবং তার হাসি-আনন্দে ঘর ভরে ওঠার অভিজ্ঞতাকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে দেখছেন অভিনেতা। আনায়ার মাথায় থাকা ছোট্ট মুকুটের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ।’

পোস্টের শেষে মেয়ের জন্য শুভকামনা জানিয়ে অপূর্ব লিখেছেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে।’

পর্দায় রোমান্টিক কিংবা আবেগঘন চরিত্রে অপূর্বর অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এবার বাস্তব জীবনে একজন বাবার মমতা ও ভালোবাসার প্রকাশও ছুঁয়ে গেছে তাঁর ভক্তদের। মেয়ের প্রথম জন্মদিনে দেওয়া এই পোস্টে ফুটে উঠেছে পরিবারকে ঘিরে তাঁর আনন্দ, ভালোবাসা ও আবেগ।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে পারিবারিকভাবে বিয়ে করেন জিয়াউল ফারুক অপূর্ব। বিয়ের চার বছর পর এই দম্পতির ঘরে আসে কন্যাসন্তান আনায়া।