দেশে বাড়ছে হামের সংক্রমণ, একদিনে আরও ১২ শিশুর মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ৫:৩৮ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম-এর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫২৪ জন।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৬

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগ-এ ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগ-এ ২ জন এবং বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ-এ একজন করে মারা গেছেন। অন্যদিকে, একই সময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত দেশে নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৮ জনে। একই সময়ে সন্দেহজনক হামরোগীর সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৪৯৮ জনে।

এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে মারা গেছেন ৫৭ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ২৭৯ জন। এ সময়ে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯১২ জন। তাদের মধ্যে ২৮ হাজার ২৩৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।