হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৭৮০, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে ৭৮০ জনে পৌঁছেছে।
শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৫ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের নতুন ভারপ্রাপ্ত পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৪ হাজার ২৪৪ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনের।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৬০০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।





