হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮১০

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৮১০ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে ৭১৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন আরও ৯৫ জন। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৫০ জন নতুন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ১৫০ জন।

আরও পড়ুন: শিশু আভানের মৃত্যু: চিকিৎসা নিয়ে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল মেডিকেলের

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে। ফলে একই সময়ের মধ্যে নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ১৯৪ জন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪ হাজার ৭১৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।