সূর্য পবিত্র কাবা ঘরের ঠিক উপরে অবস্থানের সময় ঘটলো বিরল ঘটনা
সৌদি আরবের মক্কার আকাশে সূর্য আজ দুপুরে (মঙ্গলবার, ১৫ জুলাই) পবিত্র কাবা শরিফের ঠিক উপরে অবস্থান করে—এই বিরল ও তাৎপর্যপূর্ণ মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো মুসলিম বিশ্ব। ঘটনাটি বৈজ্ঞানিকভাবে পরিচিত সোলার জেনিথ নামে এবং প্রতিবছর মে ও জুলাই মাসে দুইবার ঘটে।
সূর্য যখন কাবার একেবারে উপরিভাগে চলে আসে, তখন কাবা ও এর আশপাশের কোনো স্থাপনার ছায়া পড়ে না। ফলে যেকোনো জায়গা থেকে সূর্যের দিকে মুখ করলে সুনির্দিষ্টভাবে কিবলার দিক নির্ধারণ করা সম্ভব হয়। আধুনিক প্রযুক্তি ছাড়াও কিবলা নির্ধারণের এটি এক ঐতিহ্যবাহী ও নিশ্চিত উপায়।
আরও পড়ুন: চীনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির এক বিবৃতিতে জানানো হয়, “১৫ জুলাই সূর্য ঠিক ২১.৪° উত্তর অক্ষাংশে, অর্থাৎ মক্কার অবস্থানে অবস্থান নেয়। এই মুহূর্তে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যারা সূর্য দেখতে পেয়েছেন, তারা সরাসরি সূর্যের দিকে মুখ করে নামাজ আদায় করলে নিশ্চিতভাবে মক্কা অভিমুখে থাকবেন।”
এই বিশেষ সময়টি মক্কার যোহরের নামাজের সময়ের সঙ্গে মিলে যাওয়ায় এর একটি আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, এই সময় সূর্যের আলো একেবারে খাড়া হয়ে কাবার উপর পড়ে—যা এক অনন্য ধর্মীয় প্রতীকের বহিঃপ্রকাশ।
আরও পড়ুন: জর্ডান ও কাতারের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
এটি কেবল ধর্মীয় গুরুত্বই নয়, বরং একটি বৈজ্ঞানিক উপলক্ষও। গবেষকরা সূর্যের অবস্থান, বায়ুমণ্ডলীয় প্রতিফলন এবং আলো-ছায়ার প্রকৃতি বিশ্লেষণে এই সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন।
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, “এই ঘটনা দেখায় কিভাবে প্রাচীন জ্যোতির্বিজ্ঞান ও আধুনিক বিজ্ঞান একত্রে ধর্মীয় নির্ভুলতার ক্ষেত্রে অবদান রাখতে পারে। আজকের এই সূর্য-কাবা সংযুক্তি যেন ছিল আকাশ থেকে মুসলিম উম্মাহর জন্য এক নিখুঁত দিকনির্দেশনার আলোকরেখা।” সুত্র: গলফ নিউজ





