ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অর্ধেক সক্ষমতা এখনও অক্ষত: মার্কিন গোয়েন্দা তথ্য
এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইস্রায়েলের ব্যাপক বোমাবর্ষণের পরও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত রয়েছে। এছাড়া দেশটির অস্ত্রাগারে রয়ে গেছে হাজার হাজার ড্রোন।
গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নের ভিত্তিতে তিনটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইরান এখনও সমগ্র অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রাখে।
আরও পড়ুন: সেনাপ্রধানের পর এবার অ্যাটর্নি জেনারেলকেও সরিয়ে দিলেন ট্রাম্প
এক সূত্র জানিয়েছে, “তাদের এখনো চরম ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রয়েছে।” প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র লঞ্চার হয়তো হামলার কারণে মাটির নিচে চাপা পড়ে আছে, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে এগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হলেও সচল রয়েছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের হাজার হাজার ড্রোন এখনও বিদ্যমান, যা দেশের ড্রোন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ। এছাড়া ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশও অক্ষত আছে। যুক্তরাষ্ট্র ইরান উপকূলে উল্লেখযোগ্য বিমান হামলা না চালানোর কারণে এসব ক্ষেপণাস্ত্র রক্ষা পেয়েছে।
আরও পড়ুন: ইরানের বৃহত্তম সেতু ধ্বংস করল মার্কিন বাহিনী, নিহত ৮
এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে সক্ষম।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধে তাদের বিজয় হয়েছে। কিন্তু গোয়েন্দা তথ্য বলছে, ধ্বংসাত্মক সামর্থ্য এখনও অক্ষত রয়েছে।





