ইরানের পাল্টা হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে: আইআরজিসি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:২৭ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের পাল্টা হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি জানিয়েছে, আগ্রাসনের জবাব দিতে পরিচালিত অভিযানের দ্বিতীয় ধাপে তাদের অ্যারোস্পেস ফোর্স জর্ডানের আকাবা উপকূলে অবস্থিত মার্কিন মেরিন সেনাদের ঘাঁটি ক্যাম্প টিবটিনে হামলা চালায়। এতে বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও হামলাকারী হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক এলাকায় একটি আবাসিক বাড়িতে মার্কিন হামলার জবাব হিসেবে এ পাল্টা অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলায় একটি শিশুসহ প্রায় ৫০ জন নিহত বা আহত হয়েছেন বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, সিরিকের বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা মিনাবের একটি স্কুল এবং লামের্দের একটি ক্রীড়া হলে চালানো হামলার নৃশংসতার কথা আবারও সামনে এনেছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীকে পরাজিত শক্তি হিসেবে উল্লেখ করে আইআরজিসি দাবি করেছে, ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি মোকাবিলার সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। একই সঙ্গে ইরানের পাল্টা সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

সূত্র: মেহের নিউজ