বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা কমার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় আগের দিনের বড় মূল্যবৃদ্ধির পরও বুধবার (২ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ঊর্ধ্বমুখী ছিল।
আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৭ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ৯৫.৫২ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বা ০.৮৯ শতাংশ বেড়ে ৯১.০২ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ইরানের পাল্টা হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে: আইআরজিসি
এর আগে আগের কার্যদিবসে উভয় বেঞ্চমার্কের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়েছিল। এটি ছিল গত ২৪ জুলাইয়ের পর ব্রেন্ট ক্রুডের এবং ২৩ জুলাইয়ের পর ডব্লিউটিআই ক্রুডের সর্বোচ্চ একদিনের মূল্যবৃদ্ধি।
বাজারসংশ্লিষ্টদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়লে তেল উৎপাদন ও সরবরাহব্যবস্থা ব্যাহত হতে পারে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে আরও চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। সূত্র: আল জাজিরা





