সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা, পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ৩:১৯ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে তাকে ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

আরও পড়ুন: ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধীরা: মির্জা ফখরুল

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সালমান এফ রহমানের ছেলে এবং আইএফআইসি ব্যাংকের তৎকালীন ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকেও আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও, আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আহমেদকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজারে সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎমন্ত্রী

ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

প্রতিষ্ঠান হিসেবেও আইএফআইসি ব্যাংক পিএলসিকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি, ব্যাংকের তৎকালীন মনোনীত পরিচালক এ আর এম নাজমুস সাকিব, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল (এনডিসি), কাওমরুন নাহার আহমেদ এবং তৎকালীন স্বতন্ত্র পরিচালক সুধাংশু শেখর বিশ্বাসকেও সতর্ক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।

বিএসইসি এক বিবৃতিতে জানিয়েছে, পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কমিশন ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখবে।