শেষ বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ আগামীকাল হস্তান্তর
জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে। মঙ্গলবার দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে এই সুপারিশ দেওয়া হবে।
আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক
সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা সভায় গুরুত্বারোপ করেছেন যে, কমিশনের সকল ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণ করা হবে। তিনি বলেন, "এগুলো মহামূল্যবান সম্পদ। জাতি হিসাবে আমরা কোন প্রেক্ষাপটে কী প্রক্রিয়ায় কোন সিদ্ধান্তে পৌঁছালাম, তা সকলের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষণ এবং উন্মুক্ত থাকা দরকার। এগুলো ইতিহাসের চিরজীবন্ত দলিল হয়ে থাকবে এবং গবেষণার কাজে ব্যবহৃত হবে।"
কমিশন সভায় রাজনৈতিক দল, কর্মকর্তা-কর্মচারী, গবেষক ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সমাপনী বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করা হয় এবং অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ বলেন, "জাতীয় ঐকমত্য কমিশন বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে কাজ করেছে। আইনজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।"
তিনি আরও বলেন, "চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান আমাদের গুরুত্বপূর্ণ সুযোগ দিয়েছে। কমিশন সংস্কারকেই অগ্রাধিকার দিয়েছে, যাতে ভবিষ্যতে জনগণ কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পারে।"
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সদস্য বদিউল আলম মজুমদার বলেন, "জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সকলের নিবিষ্টতা ও সাহসিকতা জরুরি। গণ-অভ্যুত্থানে তাজা প্রাণ ও আহত মানুষের কথা স্মরণে রেখে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।"
পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ বলেন, "প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলো ধৈর্যের সঙ্গে আলোচনা করেছে। ভবিষ্যতেও এই ধরনের সৌহার্দ্যতা বজায় থাকুক—এটাই প্রত্যাশা।"
দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান জানান, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি দুদক সংস্কারেও সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, "শহিদ পরিবারের সঙ্গে আলোচনা থেকে বোঝা যায়, তারা মনে করেন সংস্কার নিশ্চিত না হলে জুলাইয়ে জীবন উৎসর্গ করা বৃথা হবে।"
আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে সুপারিশ হস্তান্তর করবে।





