সব কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে—এমন আশঙ্কায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ তাদের সব ধরনের কর্মসূচি ও কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সংগঠনটির মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঠিক এই সময় ফ্যাসিবাদীদের দোসর একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার নানা অপপ্রয়াসে লিপ্ত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রী তারেক রহমানের
এতে আরও বলা হয়, চলমান প্রেক্ষাপট ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সব ধরনের আন্দোলন, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। পাশাপাশি সংগঠনটি স্পষ্ট করে জানায়, অন্য কারো প্ররোচণায় কেউ কোনো কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা উদ্দেশ্যপ্রণোদিত কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আগেই পে-স্কেল বাস্তবায়ন, বেতন-ভাতা বৃদ্ধি, রেশনিং প্রথা পুনর্বহালসহ মোট ৯ দফা দাবিতে আন্দোলন করে আসছিল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি ও নির্বাচনকালীন স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আপাতত সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের





