দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:১২ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পোস্টাল ব্যালটসহ বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন ঘিরে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।

রোববার (১৮ জানুয়ারি) ইসি ভবনের সামনে সমবেত হয়ে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, তাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে কমিশন যদি গুরুত্ব না দেয়, তাহলে সারারাত নির্বাচন কমিশন ভবন অবরুদ্ধ করে রাখা হবে।

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

তিনি বলেন, “নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকা একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের অভিযোগ আমলে না নিলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

রাকিবুল ইসলাম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ২২ জানুয়ারি থেকে ছাত্রদল মাঠে নেমে প্রচার কার্যক্রমে অংশ নেবে। তিনি দাবি করেন, জাতীয়তাবাদী শক্তিই আগামী নির্বাচনে বিজয়ী হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দীর্ঘদিন ধরে সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ যাতায়াতের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছে।

আরও পড়ুন: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। আগামী ১২ তারিখের নির্বাচনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

এর আগে সকাল সাড়ে ১০টা থেকেই নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হতে থাকেন। এ সময় সংগঠনটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনটি প্রধান অভিযোগ তুলে ধরে। অভিযোগগুলো হলো—পোস্টাল ব্যালট ব্যবস্থায় অনিয়ম, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকা এবং একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাব বিস্তার।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসি ভবনের আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।