অপরিচিত ব্যক্তির আনাগোনা দেখলে পুলিশকে জানানোর নির্দেশ ডিএমপি কমিশনারের
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের-এর (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
ডিএমপি কমিশনার বলেন, সীমিত জনবল নিয়েও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম হলেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, এ ক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
মো. সরওয়ার জানান, কোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা বা অচেনা লোকজনের অস্বাভাবিক জমায়েত দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। প্রয়োজনে তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করতে হবে।
এছাড়া সন্দেহজনক কিছু মনে হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করা বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।





