জ্বালানি সংকটে বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে এআইআইবি: অর্থমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৩৫ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। একইসঙ্গে বিনিয়োগ বৃদ্ধি এবং বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার উদ্যোগ নিচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান-এর সঙ্গে এআইআইবির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

আরও পড়ুন: সরকারের ছয় মাস না যেতেই এক দফার আন্দোলনে নানা রহস্য

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি খাতে যে চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় এআইআইবি বাজেট সহায়তা দেবে। বিশেষ করে জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং ইলেকট্রিক ভেহিকল খাতে অর্থায়ন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য, মোট বিদ্যুতের ২০ থেকে ৩০ শতাংশ সৌর শক্তি থেকে উৎপাদন করা।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ইটিডি পরিচালনা বিষয়ে স্থানীয় প্রশিক্ষণ সম্পন্ন

এছাড়া, সাম্প্রতিক সময়ে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরোনো প্রকল্পগুলো সচল করে দ্রুত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার।

অর্থমন্ত্রী বলেন, দেশীয় সম্পদ ও আন্তর্জাতিক সহায়তার সমন্বয়ে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে জ্বালানির দাম বা আসন্ন বাজেটের আকার সম্পর্কে এখনই নির্দিষ্ট কিছু জানাননি তিনি।

তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টায় দেশের অর্থনৈতিক ও জ্বালানি সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে।