ত্রিশালে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কঠোর নিরাপত্তা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ২৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব। জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উৎসব চলবে ২৩, ২৪ ও ২৫ মে পর্যন্ত। উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও এসএসএফ সদস্যদের তৎপর উপস্থিতিতে ত্রিশাল এখন নিরাপত্তার চাদরে ঢাকা।

আরও পড়ুন: শিশু রামিসা হত্যার চার্জশিট আজ, বিশেষ প্রসিকিউটর নিয়োগ

জানা গেছে, শনিবার দুপুরে ত্রিশালের নজরুল মঞ্চে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে এসে বেলা সাড়ে ১২টায় উপজেলার বৈলর ইউনিয়নের কানহর বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। সেখানে আয়োজিত সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

ময়মনসিংহ জেলা প্রশাসনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, পরে দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এরপর নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভাগীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

আরও পড়ুন: রামিসা হত্যার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও প্যানা। নজরুল একাডেমি প্রাঙ্গণের এক পাশে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল, অন্য পাশে বসেছে নজরুল মেলা।

ত্রিশালবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরে উপজেলাবাসীর জন্য বিশেষ কোনো উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হতে পারে। স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে নজরুল সিটি বাস্তবায়ন, ত্রিশালকে শিল্পনগরী ঘোষণা, কারিগরি শিক্ষার প্রসারে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ত্রিশালবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিলেন। এবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও ত্রিশালবাসীর স্বপ্নপূরণে ব্যতিক্রমধর্মী কিছু উপহার দেবেন বলে আমরা আশাবাদী।”

তিন দিনব্যাপী এ উৎসবজুড়ে থাকবে নানা সাংস্কৃতিক আয়োজন। জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও স্থানীয় শিল্পীরা অংশ নেবেন বিভিন্ন পরিবেশনায়। পাশাপাশি মেলায় বসেছে প্রায় পাঁচ শতাধিক স্টল। রয়েছে নজরুল বইমেলাও। কবি-সাহিত্যিক ও নজরুলপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নজরুলের স্মৃতিধন্য ত্রিশাল।