আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ছুটি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬ | আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ রোববার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি।

আগেই সরকার ঈদুল আজহাকে কেন্দ্র করে ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা এবং এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

পরে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব খাতে নিয়োজিত যানবাহন ও কর্মীরা।

এছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও চালু থাকবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

সরকার জানিয়েছে, জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।

উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।