সংসদে অর্থমন্ত্রী

নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ সুবিধা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ২:২৫ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দিতে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অধীনে তরুণ উদ্যোক্তাদের জন্য কোনো সুদমুক্ত ঋণ প্রকল্প চালু নেই। তবে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করছে।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প খাতের ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

এই তহবিলের আওতায় নতুন উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। এছাড়া উপযুক্ত জামানত প্রদান সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধাও পাওয়া যাবে।

অর্থমন্ত্রী আরও জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ‘স্টার্টআপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার একটি পৃথক পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এই তহবিল থেকে স্টার্টআপ উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ইক্যুইটি সহায়তার ব্যবস্থাও রাখা হবে, যাতে নতুন উদ্যোক্তারা সহজে অর্থায়নের সুযোগ পান এবং উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন।

সরকারের এ ধরনের উদ্যোগ দেশের উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।