সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। বৃহস্পতিবার সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনের পাশাপাশি দেশের অন্যান্য সেনানিবাস, ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি (ডিওএইচএস) এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকাতেও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

এ বছরের কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।  এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পের উপযুক্ত স্থানে ফলজ, বনজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। সেনাবাহিনী জানিয়েছে, চলমান এ বৃক্ষরোপণ কর্মসূচি আগামী সেপ্টেম্বর ২০২৬ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বনজ সম্পদ বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজের সব স্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের সামরিক ও অসামরিক সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।