২০২৬-২৭ করবর্ষ

ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ প্রণোদনা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ৮:২৪ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে নির্ধারিত সময়ের আগেই রিটার্ন দাখিলে উৎসাহ দিতে নতুন প্রণোদনার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

বুধবার (২২ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জুলাই থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন। করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘ অধিবেশনের আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা অনলাইনের মাধ্যমে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন। ফলে করদাতারা ঘরে বসেই সহজে তাদের বাৎসরিক আয়কর রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, সনদপত্র সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা কাগজে (পেপার) রিটার্ন জমা দিতে পারবেন।

এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

এনবিআর জানিয়েছে, www.etaxnbr.gov.bd প্ল্যাটফর্মের মাধ্যমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অনলাইনে কর পরিশোধ করতে পারবেন।

এ ছাড়া সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র এবং আয়কর সনদ সংগ্রহ করা যাবে।

ই-রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

এনবিআর জানিয়েছে, ২০২৬-২৭ করবর্ষ থেকে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতারা নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা পাবেন। তবে এই প্রণোদনার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

অন্যদিকে, সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এই প্রণোদনা প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

এনবিআর নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য সব করদাতার প্রতি আহ্বান জানিয়েছে।