ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ প্রণোদনার ঘোষণা সরকারের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৮ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ ব্যবস্থায় নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি ইউনিটের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাবেন গ্রাহকরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: অপ্রতিরোধ্য ঢাকায় ছিনতাই চক্র

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান বাজারদর এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সর্বোচ্চ উৎপাদন ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা ধরা হয়েছে। এর সঙ্গে ২০ শতাংশ মুনাফা এবং ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে কোনো গ্রাহক ৮ টাকার নির্ধারিত সীমার চেয়ে কম ব্যয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে সক্ষম হলে সাশ্রয় হওয়া অর্থ তার লভ্যাংশ হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন: বাংলামোটরে প্রধানমন্ত্রীর গাড়ি বহর নিয়ে খবরে ডিএমপির ভিডিও দেখিয়ে স্পষ্টীকরণ

নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী, যেসব গ্রাহক আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন এবং নিজেদের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন।

বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো গ্রাহকদের সৌরবিদ্যুৎ ব্যবস্থা, গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ এবং প্রণোদনাসহ সংশ্লিষ্ট মূল্যসংক্রান্ত তথ্য সংরক্ষণ করবে। প্রণোদনার অর্থ গ্রাহকের ব্যাংক হিসাব অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হবে। এ ক্ষেত্রে নগদ অর্থ দেওয়ার সুযোগ থাকবে না।

তবে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর পর স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য ঘোষিত এই বিশেষ প্রণোদনা কার্যকর হবে না।

সরকারের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (SREDA) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।

এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিষয়ে বিদ্যুৎ বিভাগের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার থেকে নীতিগত সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য ঘোষিত এই বিশেষ প্রণোদনা প্যাকেজ কার্যকর হয়েছে।