বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ গড়তে চাই: মির্জা ফখরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ২৮ মে ২০২৬ | আপডেট: ৯:০২ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার মানুষের বৈষম্য দূর করে একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার। তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

মন্ত্রী বলেন, কোরবানি কোনো হত্যা নয়; বরং এটি আত্মত্যাগ ও আত্মশুদ্ধির প্রতীক। মানুষের ভেতরের হিংসা, বিদ্বেষ ও কলুষতা দূর করার শিক্ষাই দেয় কোরবানি।

এ সময় তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি টেনে বলেন, “ওরে হত্যা নয় আজ, সত্যাগ্রহ—শক্তির উদ্বোধন।”

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মাওলানা মো. খলিলুর রহমান। পরে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহিন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।