খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নীতি দত্ত চাকমা (৪৫) নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নীতি দত্ত চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা এবং মৃত বর্ণনাতীত চাকমার ছেলে।
আরও পড়ুন: শরীয়তপুরে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নীতি দত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন সশস্ত্র ব্যক্তি সেখানে এসে তাকে খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার পেটে গুলির আঘাত ছিল এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
এদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা এই হত্যাকাণ্ডের জন্য প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ মারমা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, মেলা কেন্দ্রিক অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।





