পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, সবুজায়নে জোর

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৪২ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে পটুয়াখালীর পায়রা সেতু এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (১ এপ্রিল) পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতু সংলগ্ন এলাকায় সড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, পটুয়াখালীর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জামিল আক্তার নিলয়।

আরও পড়ুন: হাম আক্রান্ত শিশুদের খবর নিতে বিএনপি নেতার হাসপাতাল পরিদর্শন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে যে ঝুঁকি বাড়ছে, তা মোকাবিলায় ব্যাপক সবুজায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কের দুই পাশে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন হবে, অন্যদিকে সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন: স্বাস্থ্যসেবায় স্বস্তি ফিরছে পৃথিমপাশায়, চিকিৎসকসহ ৪ জন পদায়ন

আয়োজকরা আশা প্রকাশ করেন, সরকারি এই উদ্যোগে স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা গেলে বৃক্ষরোপণ কর্মসূচি আরও কার্যকর হবে এবং দীর্ঘমেয়াদে টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।