বৃষ্টিতে পরিত্যক্ত জেপিএল ফাইনাল, যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা

Sanchoy Biswas
হাবিবুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ০৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে স্থানীয় ক্রীড়াঙ্গনের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট দি প্লাস্টিসিটি ‘জয়মন্টপ প্রিমিয়ার লিগ (জেপিএল)’ এর অষ্টম আসরের ফাইনাল বৃষ্টির কারণে অসমাপ্ত হয়। পরে আয়োজকদের সিদ্ধান্তে দুই ফাইনালিস্ট দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

শনিবার (২ মে) বেলা ১১টার দিকে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রুপপর্ব শেষে দেউলী দশানী চ্যালেঞ্জার্স ও আনোয়ার আমিনুর ক্রিকেট একাডেমি শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়।

আরও পড়ুন: বন্যহাতির লোকালয়ে হানা, ফসল বাঁচাতে নির্ঘুম কৃষক

টস হেরে ব্যাট করতে নেমে দেউলী দশানী চ্যালেঞ্জার্স ১৮ ওভারে ২৩৪ রান সংগ্রহ করে। এ সময় বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। পরে আবহাওয়া অনুকূলে না আসায় ম্যাচ পুনরায় শুরু করা সম্ভব হয়নি। উভয় দলের সঙ্গে আলোচনা শেষে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক এবং দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান।

আরও পড়ুন: পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যু ও সাদিককে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে খেলা উদ্বোধনের আগে প্রধান অতিথি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে আলহাজ মো. আব্দুল আল মামুন আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল আলম মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেপিএলের সভাপতি মো. ফয়েজুর রহমানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মো. মোজাফফর হোসেন জিকুর সঞ্চালনায় বক্তব্য দেন উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আওলাদ হোসেন, সৌদি প্রবাসী মো. মহসিন পাল, নাসির ডোরস অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী মো. নাসির উদ্দিন এবং জেপিএলের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মশিউর রহমান শামীম।

উল্লেখ্য, এবারের আসরে মোট ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো— সুপার স্ট্রাইকার্স অফ ০৭-০৯, মামা ভাগিনা ক্রিকেট একাদশ, দেউলী দশানী চ্যালেঞ্জার্স, আনোয়ার আমিনুর ক্রিকেট একাডেমি, সাহরাইল ক্রিকেট ক্লাব ও জামির্ত্তা।