ঢামেক জরুরি বিভাগে চিকিৎসক-শিক্ষার্থী সংঘর্ষ, চিকিৎসাসেবা বন্ধ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে জরুরি বিভাগের চিকিৎসাসেবা আপাতত বন্ধ রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওষুধ পরিবর্তনকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা কাটাকাটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ওষুধ কেনাকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। চিকিৎসক নেতারা জানিয়েছেন, দায়িত্বরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং কর্মস্থলের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা জরুরি সেবা চালু করবেন না। অন্যদিকে, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।





