আন্তর্জাতিক মঞ্চে এমআইএসটির গৌরবময় অর্জন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৫৬ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিশ্বজয়! চীনের ঝোংঝোতে অনুষ্ঠিত “Formula Student China 2025” প্রতিযোগিতায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর টিম MIST BLITZ অর্জন করেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার, যা দেশের জন্য এক গর্বের মাইলফলক।

চীনের ঝোংঝো শহরে অনুষ্ঠিত Formula Student China 2025-এ বিশ্বের ৭৬টি আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের MIST BLITZ দল অর্জন করেছে “Leading Convey Award” (সেরা বিদেশি দল) এবং “Best Presentation Performance Award”। এছাড়া “Business Plan Presentation” ক্যাটাগরিতে দলটি চতুর্থ স্থান অর্জন করেছে — যা একটি নবগঠিত দলের জন্য ব্যতিক্রমী অর্জন হিসেবে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন: ৯৯৯-এ ফোনের দুই ঘণ্টায় ডাকাতি হওয়া ৩১টি গরুসহ ট্রাক উদ্ধার, মিনিট্রাক জব্দ

২০২৪ সালের এপ্রিল মাসে গঠিত ৩১ সদস্যের এই দলটি এমআইএসটি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। তারা নিজেরাই তৈরি করেছে প্রথম Formula-style রেস কার “Furiosa 1.0”। গাড়িটি সফলভাবে সব টেকনিক্যাল ইনস্পেকশন উত্তীর্ণ হয়ে endurance ট্র্যাকে দুই ল্যাপ সম্পন্ন করেছে — যা কোনো বাংলাদেশি দলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় এমন সাফল্যের নজির।

দলের উদ্ভাবনী ডিজাইন, সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থা এবং পেশাদার উপস্থাপনা দেখে বিচারকরা বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন: বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশার বাহারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

এ অর্জন সম্পর্কে এমআইএসটি’র কমান্ড্যান্ট বলেন, MIST BLITZ প্রমাণ করেছে, আমাদের তরুণ প্রকৌশলীরা বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা রাখে।”

৩০০ কেজি ওজনের গাড়িটি চীনে পরিবহনের মতো কঠিন লজিস্টিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ দূতাবাস (বেইজিং) এবং স্থানীয় স্পনসরদের সহায়তায় দলটি সব বাধা অতিক্রম করে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।

এই অর্জন বাংলাদেশের প্রকৌশল শিক্ষার অগ্রযাত্রায় এক নতুন অধ্যায় যুক্ত করেছে, যা ভবিষ্যতে আরও তরুণ প্রকৌশলীদের আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে।