ক্যান্টনমেন্ট থানার ওসির ভাইরাল অডিও সত্য, তদন্তে তথ্য পাচারের বিষয়

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৩৪ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানের ভাইরাল হওয়া অডিওটি তারই কণ্ঠের বলে নিশ্চিত হয়েছে। তবে ওই কথোপকথনের মাধ্যমে তিনি কোনো তথ্য পাচার করেছেন কি না, সেটি এখনো তদন্তাধীন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিবিপ্রধান জানান, ক্যান্টনমেন্ট থানার ওসির যে অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেটি পরীক্ষা করে তার কণ্ঠস্বরের সঙ্গে মিল পাওয়া গেছে। অডিওটির পেছনে কী ঘটনা রয়েছে, কোন পরিস্থিতিতে কথোপকথনটি হয়েছে, কোথায় এবং কার সঙ্গে কথা বলা হয়েছিল—এসব বিষয় বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

রাকিবুল হাসানকে দুই দফা রিমান্ডে নেওয়ার পর কী তথ্য পাওয়া গেছে—এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ভাইরাল হওয়া কথোপকথনের বিষয়ে তাকে রিমান্ডে নিয়ে ভয়েস টেস্ট করা হয়। পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, রেকর্ডে থাকা কণ্ঠটি তারই। অডিওটি অন্য কোনোভাবে তৈরি বা বানানো হয়নি বলেও জানান তিনি।

ডিবিপ্রধান বলেন, আদালতের অনুমতি নিয়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সেটি পরীক্ষা করে অডিওটির কণ্ঠস্বরের বিষয়ে নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন: নিশ্ছিদ্র নিরাপত্তায় দুর্গাপূজা হবে: ডিএমপি কমিশনার

গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শোনা যায়।

এ ছাড়া পুলিশের বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগসংক্রান্ত কথাবার্তাও অডিওতে ছিল বলে জানানো হয়েছে। তবে এসব কথোপকথনের প্রেক্ষাপট, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং এর মাধ্যমে কোনো তথ্য পাচার বা অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না—এসব বিষয়ে তদন্ত এখনো চলছে।