গোপালগঞ্জে ভয়ংকর তাণ্ডবের ছক, এসআরবি কমান্ডার আটক

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
  • গোয়েন্দা নজরদারিতে উস্কানিদাতারা
  • চিহ্নিত অর্থ যোগানদাতাদের আইনের আওতায় আনা হচ্ছে
  • গোপালগঞ্জকে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচি ঘিরে আবারো ভয়ংকর তাণ্ডবের ছক এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। তাণ্ডবে সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা তথ্যে আটক করা হয়েছে স্পেশাল সিকিউরিটি ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে। গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও সরকারি কর্মকর্তাদের। এছাড়াও উস্কানি দাতা অর্থ যোগানদাতা হিসেবে গোয়েন্দা তথ্যে আসা ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হচ্ছে। 

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গোপালগঞ্জ জেলার নাশকতা ঠেকাতে বিজিবি পুলিশ আনসার এসআরবিসহ যৌথবাহিনী পুরো এলাকায় টহল জোরদার করেছে। প্রতিদিনই শীর্ষ কর্মকর্তারা পুরো এলাকাটি ঘিরে তদারকি করছেন নিরাপত্তা পরিস্থিতি। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্ত কবলিত এলাকায় মব তৈরি করে শক্তি প্রদর্শন করে এলাকার আতঙ্ক তৈরি করেছে। সাধারণ মানুষের মাঝে ভিতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রামে গ্রামে গোষ্ঠীগত সংঘর্ষ চলছে। টুংগীপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ায় জনসাধারণ কারো বিরুদ্ধে কোন অভিযোগ দিতে পারছে না। এলাকায় চুরি ডাকাতের লুটতরাজও বেড়েছে। 

আরও পড়ুন: সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

আগামী ২৯ ও ৩০নভেম্বরের কথিত কর্মসূচি ঘিরে ভয়ংকর নাশকতার তত্ত্ব পেয়েছে গোয়েন্দারা। গোয়েন্দা তথ্য মোতাবেক আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে। 

গোয়েন্দা সূত্র জানায়, কর্মসূচি উপলক্ষ্যে পালিয়ে যাওয়া অস্ত্রধারী সন্ত্রাসীরা আবারো গোপালগঞ্জে অবস্থান নিয়েছে। কর্মসূচিতে বোমাবাজি সংঘর্ষে স্থানীয় হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এলাকায় অথবা স্পর্শকাতর এলাকায় হত্যাযজ্ঞ ঘটিয়ে পুলিশের উপর দায় ফেলানোর চেষ্টা করছে। 

আরও পড়ুন: কেএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তা বদলি

এদিকে, গোপালগঞ্জের সড়ক মহাসড়কের দুই পাশে লাগানো বড় বড় গাছ কেটে দুর্বৃত্তরা রাস্তায় আটকানোর চেষ্টার বিরুদ্ধে পরিবেশ আন্দোলনকারীরাও মাঠে নামছে। যেকোনো ধরনের সহিংসতা রোধে তথ্য আসছে। গোপালগঞ্জের তাণ্ডবের জন্য গোপালগঞ্জ জেলার বাসিন্দা পুলিশের শীর্ষ কর্মকর্তা প্রশাসনের পলাতক কর্মকর্তা ও বিগত সময় তদবির বাণিজ্য করে ফুলে ফেঁপে উঠা ব্যবসায়ীরা উস্কানি দিয়ে মোটা অংকের টাকা ঢালছে বলে সুনির্দিষ্ট তথ্য গোয়েন্দাদের হাতে। গোপালগঞ্জের কর্মরত সাবেক ছাত্রলীগ কর্মকর্তা ও অন্যান্য জেলায় কর্মরত গোপালগঞ্জের বাসিন্দা পুলিশ কর্মকর্তাদের নজরদারিতে নেওয়া হয়েছে। 

পুলিশের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গোপালগঞ্জ তাণ্ডবে সম্পৃক্ততা সুনির্দিষ্ট অভিযোগে এলিট ফোর্স স্পেশাল সিকিউরিটি ব্যাটালিয়নের ভৈরব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তাকে এসআরবি ১১ ও হেডকোয়ার্টারে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।  

ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তথ্যপ্রযুক্তি ও জিজ্ঞাসাবাদে প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়েছে। মামলা করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে। শুধু এসআরবি নয় গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

তবে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের পার্শ্ববর্তী এলাকায় আওয়ামী দুর্বৃত্তদের তাণ্ডবে বিএনপি’র চারজন লোক নিহত হয়েছেন। পুরো গোপালগঞ্জজুড়ে তাণ্ডব তৈরি করেছে। প্রতিটি ঘটনারই মামলা করা হচ্ছে। পুলিশ কৌশল অনুযায়ী আসামিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে। সারাদেশের পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এসেছে।  

এদিকে, ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জ জেলাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। দুর্বৃত্ত অস্ত্র ধারিদের ঘিরে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি এসআরবি আনসার মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ধৈর্য ধারণ করে দায়িত্ব পালন করছেন। তাদের উস্কানিকে নিয়ন্ত্রণ করে কৌশলগত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্য অনুযায়ী গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায় পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জের সংযুক্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও যৌথবাহিনী প্রস্তুত করা রাখা হয়েছে। 

গতকাল মঙ্গলবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। 

উল্লেখ্য, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা: চলতি মাসের প্রথম ২৩ দিনে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ সময়ে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে জানিয়েছে সরকার। 

গতকাল মঙ্গলবার তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি জানান, ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সংঘটিত নাশকতার ঘটনায় এ পর্যন্ত ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এসব ঘটনায় ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে  আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৬ জনকে। 

তথ্য উপদেষ্টা বলেন, দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় এসব মিছিল ও কার্যক্রম বেআইনি। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার কার্যক্রম চলছে। পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে তিনি জানান, পুলিশের স্থাপনায় চারটি হামলা, পুলিশের গাড়িতে ২৮টি অগ্নিসংযোগ এবং স্থাপনা বা গাড়ি লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে উপদেষ্টা জানান, পুলিশের হিসাবে ৩৪টি নাশকতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৫টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ২৩টি অগ্নিসংযোগের ঘটনা রয়েছে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও আটটি মামলা, ১৯টি জিডি হয়েছে এবং আটজনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের নথির বাইরে গণমাধ্যমে আরও ৭২টি ঘটনার খবর এসেছে। সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও প্রায় ১০০টি শাখায় হামলার দাবি করেছেন। জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির চার নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানান জাহেদ উর রহমান। 

গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ নেতাকর্মীদের বাড়িঘর এবং একটি হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধের সময়ও হাসপাতালে পরিকল্পিত হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। এদিকে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আলোচনার জন্য বাংলাদেশ কমিটি গঠন করেছে এবং ভারতকেও কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছে। গত ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের জলশক্তিমন্ত্রীকে চিঠি দিয়েছেন। 

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘তাকে দেশে ফেরানো নিয়ে শেখ হাসিনার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই, আলোচনা হচ্ছে ভারতের সঙ্গে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।’ 

নড়াইলে হিন্দু বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের মূলধারার গণমাধ্যম এ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য প্রচার করছে। এ ধরনের প্রচারণা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। তবে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনা স্বীকার করে তিনি বলেন, এসব ফৌজদারি অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত দিয়ে অভিযুক্ত নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান তিনি। গোপালগঞ্জের কাশিয়ানীতে চারটি হিন্দু বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাটের ঘটনায় মামলা, তদন্ত ও গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান উপদেষ্টা। 

আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন : দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনদেশের বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, বিজ্ঞপ্তির তথ্য মতে, এদিন গোপালগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

বিজিবি বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা মাঠে সচেষ্ট রয়েছেন বলে জানানো হয়েছে বার্তায়। 

দেশের বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনদেশের বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, এতে বলা হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ভিডিও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। 

আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাহিনী বদ্ধপরিকর।