নতুন অধ্যায়ে অভিনেত্রী কোয়েল মল্লিক
অভিনয়জীবনে বড় পর্দায় নানা চরিত্রে দর্শকের সামনে এসেছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। মাঝে টেলিভিশনে নন-ফিকশন অনুষ্ঠানেও কাজ করেছেন। তবে এবার প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন এই অভিনেত্রী। নব্বইয়ের দশকের স্মৃতিমাখা গল্পই তাকে নতুন এই অভিজ্ঞতার দিকে টেনেছে।
সনি আটের ধারাবাহিক ‘ডিয়ার ৯০’জ’-এ অভিনয়ের কারণ, চরিত্র ও ভবিষ্যৎ কাজ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন কোয়েল। তিনি জানান, টেলিভিশনে কাজের অভিজ্ঞতা আগে থেকেই থাকলেও এবারই প্রথম কোনো কল্পকাহিনিনির্ভর অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ধারাবাহিকটির গল্প তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।
আরও পড়ুন: শিল্পীদের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব: জয় চৌধুরী
‘ডিয়ার ৯০’জ’-এর গল্পে উঠে আসবে এমন এক সময়ের কথা, যখন ইন্টারনেট ও স্মার্টফোনের উপস্থিতি ছিল না। মানুষের পারস্পরিক সম্পর্কেও ছিল অন্য রকম আন্তরিকতা। সেই সময়ের স্মৃতি ও আবেগকে ঘিরেই এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।
টেলিভিশনের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে কোয়েল বলেন, অনেক বাড়িতেই সন্ধ্যার সময়ে টিভি সিরিয়াল দেখার অভ্যাস রয়েছে। দর্শকরা ধারাবাহিকের চরিত্রগুলোর সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েন এবং টেলিভিশনের অভিনেতাদের পরিবারের সদস্যের মতো আপন করে নেন।
আরও পড়ুন: সঞ্জীব চৌধুরী স্মরণে বিশেষ কনসার্ট
ধারাবাহিকটিতে অপরাজিতা নামের একজন লেখিকার চরিত্রে দেখা যাবে কোয়েলকে। তার লেখা ‘ডিয়ার ৯০’জ’ বইটি বেস্টসেলার। গল্পের শুরুতে নিজের স্কুলে ফিরে অতীতের স্মৃতি ভাগ করে নিতে চান অপরাজিতা। সেই সূত্র ধরেই দর্শক ফিরে যাবেন নব্বইয়ের দশকে।
চরিত্রটি নিয়ে কোয়েল বলেন, ‘এই চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, অপরাজিতার ব্যক্তিগত স্মৃতির মধ্য দিয়েই উঠে আসে নব্বইয়ের দশকে বড় হয়ে ওঠার এক বৃহত্তর গল্প।’
ধারাবাহিকের সব পর্বে অবশ্য কোয়েলকে দেখা যাবে না। গল্পে অপরাজিতার শৈশবের অংশ ফ্ল্যাশব্যাকে দেখানোর সময়ই তার উপস্থিতি থাকবে।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও ব্যস্ততা রয়েছে কোয়েলের। মুক্তির অপেক্ষায় রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘জননী’ এবং অন্নপূর্ণা বসুর ‘স্পর্ধা’। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়েও আগ্রহী এই অভিনেত্রী। নতুন ছবিগুলো দর্শকের ভালোবাসা পাবে বলে আশা করছেন তিনি।





