গোপালগঞ্জ ছাড়া কোথাও কিছু করতে পারছে না আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:০৫ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের আর কোথাও আওয়ামী লীগ কিছু করতে পারছে না। রাজনীতিতে দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং শেখ হাসিনার রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আন্দালিব রহমান পার্থ বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন: দেশে-বিদেশে সরকারের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, সহিংস আন্দোলনের মধ্য দিয়ে আবারও রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। গোপালগঞ্জে তাদের সহিংস কর্মকাণ্ড দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও তারা কিছু করতে পারছে না।

তিনি আরও বলেন, ‘জুলাইকে অস্বীকার করে রাজনীতি করতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও তাদের শিক্ষা হয়নি।’

আরও পড়ুন: নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী

এদিকে, মতবিনিময় সভায় অনলাইন সংবাদমাধ্যমের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন সরকার নিবন্ধিত ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালগুলোর প্রতিনিধিরা।

সভায় অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অনুমোদন ছাড়া নতুন নিউজ পোর্টালের অনুমতি না দেওয়া, নিবন্ধিত নিউজ পোর্টালগুলোর জন্য সরকারি বিজ্ঞাপনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি, শুধু অনলাইন সংবাদমাধ্যমের ক্ষেত্রে নবায়ন ফি বন্ধ এবং অফিসের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা।

অনলাইন সংবাদমাধ্যমের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যাগুলো সমাধানে এসব দাবি বিবেচনার আহ্বান জানান ফোরামের প্রতিনিধিরা।