শিল্পীদের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব: জয় চৌধুরী

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৩ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
জয় চৌধুরী। ছবিঃ সংগৃহীত
জয় চৌধুরী। ছবিঃ সংগৃহীত

বিএফডিসির চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এফডিসিতে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এ সময় শিল্পীদের সম্মান রক্ষায় নিজের সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করেন জয়। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও বিষয়টি তুলে ধরবেন বলে জানান তিনি। তাঁর অভিযোগ, এফডিসিতে বহিরাগতরা এসে শিল্পীদের অসম্মান করেছেন। এর বিচার না হলে শিল্পীরা আন্দোলনে নামতে প্রস্তুত।

আরও পড়ুন: সঞ্জীব চৌধুরী স্মরণে বিশেষ কনসার্ট

জাসাস নেতা হেলাল খানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে জয় বলেন, হেলাল খানের প্রতি তাঁর ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। তবে তাঁর সামনে বহিরাগতরা শিল্পীদের গালিগালাজ করেছে, যা মেনে নেওয়া যায় না। শিল্পীদের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

গত ১৫ নভেম্বর বিএফডিসির প্রধান ফটকে দেশের অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান। তবে জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য সেখানে অংশ নেননি। কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় ও অন্য শিল্পীদের ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে মন্তব্য করেন হেলাল খান। এর পর থেকেই বিষয়টি নিয়ে চলচ্চিত্রাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘সাঁকোটা দুলছে’