মাদক মামলায় আদালতে পরীমণি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে ঢাকার আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে পৌঁছান। এদিন মামলায় নতুন করে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। শুনানিতে পরীমণির পক্ষে অংশ নেবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। এ মামলা থেকে পরীমণি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: শিল্পীদের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব: জয় চৌধুরী

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংস্থাটি। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

আরও পড়ুন: সঞ্জীব চৌধুরী স্মরণে বিশেষ কনসার্ট

অভিযোগপত্রে বলা হয়, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। ২০১৯-২০ অর্থবছরে তাঁর নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হলেও এর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানিয়েছিল।

এ ছাড়া মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বাসায় রাখা এবং নিজের গাড়িতে মাদক পরিবহনের অভিযোগ আনা হয় পরীমণির বিরুদ্ধে। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি।

পরে ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমণির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালত মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নির্দেশ দেন।

সেই ধারাবাহিকতায় আজ ১৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এই শুনানির মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা মামলাটির পরবর্তী বিচারিক কার্যক্রম কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর চলচ্চিত্র অঙ্গন ও সংশ্লিষ্টদের।