নিরাপত্তাহীন কিশোরগঞ্জ: প্রকাশ্য দিবালোকে সাংবাদিকের ব্যাগ থেকে ৪০ হাজার টাকা উধাও

Shahrier Islam Pallab
এম.এ. কিবরিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা শহরে হঠাৎ করেই চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের আতঙ্ক চরমে উঠেছে। প্রকাশ্য দিবালোকে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটে যাওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমকর্মী ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক আদনান শহরের বড় বাজার এলাকায় গেলে তার ব্যাগের চেইন খুলে অভিনব পন্থায় ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। ব্যাগের চেইন খোলা বা টাকা নেওয়ার সময় তিনি সামান্যতমও টের পাননি। মুহূর্তের মধ্যে এ ঘটনা ঘটে যাওয়ায় চরম বিপাকে পড়েন এই সংবাদকর্মী।

আরও পড়ুন: নীলফামারীতে বিসিকের উদ্যোগে পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

স্থানীয়দের অভিযোগ, কিশোরগঞ্জ পৌরশহরের বড় বাজার, পুরান থানা, একরামপুর, গৌরাঙ্গ বাজার, স্টেশন রোড এবং ট্রাফিক মোড়ের মতো জনবহুল ও বাণিজ্যিক এলাকাগুলোতে পকেটমার ও চোর চক্রের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট অত্যন্ত সক্রিয় রয়েছে। বাজারের ভিড় বা মানুষের ব্যস্ততাকে কাজে লাগিয়ে এরা প্রতিনিয়ত সাধারণ মানুষের পকেট ও ব্যাগ কেটে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যাচ্ছে। দিনের পর দিন এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও অনেক সময় ভুক্তভোগীরা থানায় গিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না।

নাগরিক সমাজ ও সচেতন মহল মনে করছেন, জেলা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে আরও কঠোর হতে হবে। অপরাধপ্রবণ ও জনাকীর্ণ স্থানগুলোতে নিয়মিত গোয়েন্দা নজরদারি বাড়ানো, পুলিশি টহল জোরদার করা এবং চিহ্নিত অপরাধী ও ছিনতাইকারী চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

আরও পড়ুন: ভয়াল ১২ নভেম্বর স্মরণে সভা ও দোয়া মাহফিল