খিলগাঁওয়ে কৃষকদের জন্য মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন রেল প্রতিমন্ত্রী

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণ এবং ফসলের অপচয় কমানোর সুযোগ তৈরি করতে রাজধানীর খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ চালু করা হয়েছে। ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ স্টোরেজ উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ডে গৌরনগর কেন্দ্রীয় জামে মসজিদ-সংলগ্ন এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজটির উদ্বোধন করেন তিনি। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখব: নাহিদ ইসলাম

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, স্থানীয় কৃষকেরা মাঠপর্যায়ে উৎপাদিত ফসল এ মিনি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে পারবেন। এটি অনেকটা বড় ফ্রিজের মতো। এলাকায় পরীক্ষামূলকভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিক ব্যবহার ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে সরকারের কাছ থেকে এ ধরনের সুবিধা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই ঢাকা-৯ আসনের উন্নয়নে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা, নির্বাচিত কাউন্সিলর ও অঙ্গসংগঠনের নেতারাও এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করছেন।

আরও পড়ুন: এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এলাকার চলমান উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দাবি কায়েতপাড়া সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি নভেম্বরের মধ্যেই এ প্রক্রিয়া শেষ করার আশা রয়েছে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শুরু হতে পারে।

এ ছাড়া মান্ডা ও জিরানি খাল পরিষ্কার এবং দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নৌবাহিনীর মাধ্যমে খাল উদ্ধারের পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। এ বিষয়ে এলজিইডির প্রতিমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়েও উদ্যোগটি বাস্তবায়নের চেষ্টা চলছে।

হাবিবুর রশিদ আরও বলেন, মন্দিরসংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজনীয় একটি সড়ক নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ওই সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ত্রিমোহনী সেতু নির্মাণের পাশাপাশি কয়েকটি বেইলি সেতু নির্মাণের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের সচিব, অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি দল এলাকাটি পরিদর্শন করবে।

এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে শিক্ষা অধিদপ্তরের সঙ্গে আলোচনা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। সড়ক, অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

সরকারি খাসজমি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এলাকার সরকারি জমি জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। ব্যক্তিগত স্বার্থে এসব জমি ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থ বিবেচনায় এলাকার খেলার মাঠ ও কবরস্থানের মতো প্রয়োজনীয় স্থাপনা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

ঢাকা-৯ আসনের যোগাযোগব্যবস্থা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে হাবিবুর রশিদ বলেন, এলাকার চার লেনের সড়ককে এক্সপ্রেসওয়েতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এক্সপ্রেসওয়ে চালু হলে বাইরের যানবাহন এ পথে চলাচল করতে পারবে। এতে বনশ্রী, দক্ষিণ বনশ্রীসহ আশপাশের এলাকার বাসিন্দাদের যানজট ও চলাচলের ভোগান্তি কমবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য নিচে আলাদা সড়ক রাখার পরিকল্পনাও রয়েছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কারণে অর্থনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতেও সরকার গ্যাস ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে। পাশাপাশি জ্বালানি সংরক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খেলাধুলার প্রাতিষ্ঠানিকীকরণ এবং প্রতিবন্ধী ও বয়স্কদের ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। গত আট মাসে দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দুই লাখ থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের কাছে না গিয়ে নেতৃবৃন্দ সরাসরি মানুষের কাছে গিয়ে সহায়তা পৌঁছে দিয়েছেন।

রাজনৈতিক বক্তব্যে হাবিবুর রশিদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মূল ভিত্তি জনগণ। তাই সরকারের কাছে জনগণের জবাবদিহি রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের নেতৃত্বে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে গেছে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মানুষের পাশে থাকতে হবে এবং নিজেদের কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করে তাঁদের সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।