ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৮ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ইব্রাহিম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে রাকিবের বাড়ানো ক্রস বক্সে থাকা বিশ্বনাথের দিকে গেলেও বল পায়ে পাওয়ার আগেই তা ক্লিয়ার করেন ভুটানের এক ডিফেন্ডার। পরে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন জামাল ভূঁইয়া। তবে ভুটানের রক্ষণভাগে আটকে যায় সেই প্রচেষ্টাও।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৮ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবের ক্রস থেকে বিশ্বনাথ হেড নিলেও বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২৫ মিনিটে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন বিশ্বনাথ। ফাঁকা জায়গায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।

ম্যাচের ৩৯ মিনিটে আবারও গোলের সুযোগ পান বিশ্বনাথ। সামনে তখন শুধু ভুটানের গোলরক্ষক। কিন্তু কিছুটা কোনাকুণি অবস্থান থেকে নেওয়া শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

আরও পড়ুন: সিলেট টেস্ট: টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে বাংলাদেশ। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান ইব্রাহিম। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

গোল হজমের পর ম্যাচে সমতা ফেরাতে আক্রমণ চালায় ভুটান। তবে বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ইব্রাহিমের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল বাংলাদেশ ফুটবল দল।