কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার তাগিদ

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৯ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা করেছে বসুন্ধরা শুভসংঘ। সভায় শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষার অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুভসংঘের উপদেষ্টা মো. মছব্বির আলীর সভাপতিত্বে এবং কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী।

আরও পড়ুন: আটগ্রাম নালুহাটিতে ৫০ মিটার বেড়িবাঁধ ধস, শুকনো মৌসুমেই সংস্কারের দাবি স্থানীয়দের

বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে তরুণ ও যুবসমাজের প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে পরিবার ও সমাজেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বসুন্ধরা শুভসংঘের মতো সামাজিক সংগঠনগুলোর এ ধরনের ভালো উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়া উচিত। এতে সংগঠনের সদস্যরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকেও সচেতন করতে পারবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শুভসংঘের উপদেষ্টা আতিকুর রহমান আখই, কুলাউড়া প্রেসক্লাবের সদস্য ময়নুল হক পবন ও তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, শুভসংঘের সহসভাপতি রফিকুল ইসলাম মামুন ও সাইফুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রুমেল ও ময়জুল ইসলাম, আপ্যায়নবিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সুলেমান এবং সাংবাদিক শেখ বদরুল ইসলাম রানা প্রমুখ।

আরও পড়ুন: উলিপুরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

সভাপতির বক্তব্যে মছব্বির আলী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক, সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচার কার্যক্রম নিয়মিত পরিচালনা করা প্রয়োজন। বাল্যবিবাহের কারণে অল্প বয়সেই অনেক কিশোরী শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে। পাশাপাশি মাতৃমৃত্যুর ঝুঁকিও বাড়ে। এ সমস্যা মোকাবিলায় আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি।