প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া হচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। কোনো কোনো কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ সারি তৈরি হয়।
আরও পড়ুন: শিক্ষককে শিক্ষার্থীর ঘুষি, চুনারুঘাটে দিনভর বিক্ষোভের পর পরিস্থিতি শান্ত
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮৫টি কেন্দ্রের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভূল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
ভোটের লড়াইয়ে পাঁচ প্রার্থী
এ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই। অন্য প্রার্থীরা হলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী ও হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
শুরুতে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। গত ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে তাঁদের প্রার্থিতা বৈধ হয়। পরে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপির জেলা সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন।
নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী, ইসির মনিটরিং সেল
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন। এই সেলের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।
তবে ভোটের আগের দিন বুধবার পৃথক সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি অভিযোগ করেন বিএনপি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা। এসব অভিযোগের মধ্যেই বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে।
যেভাবে শূন্য হয় ঠাকুরগাঁও-১ আসন
গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করেন। শূন্য হওয়া আসনটিতেই এখন উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আসনে ভোটার ৫ লাখের বেশি
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।





