সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

Shahrier Islam Pallab
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি। রবিবার দিবাগত রাতে কুমিল্লা থেকে ফেরার পথে এশিয়ান হাইওয়ের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাঁর কাছ থেকে কোনো মালামাল খোয়া যায়নি বলে ফেসবুক লাইভে জানিয়েছেন তিনি।

জানা গেছে, ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে পাকুন্ডা এলাকায় ডাকাতদের মুখোমুখি হন রফিকুল ইসলাম মাদানি। এ সময় সড়কে বড় বড় পাথর ফেলে যানবাহনের গতি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটছিল। ডাকাতদের হাতে রামদা ছিল বলেও জানান তিনি।

আরও পড়ুন: কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

পরিস্থিতি বুঝতে পেরে তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে সহযোগিতা চান এই ইসলামি বক্তা। লাইভে তিনি জানান, তাঁর গাড়িটি ডাকাতদের অবস্থান থেকে কিছুটা দূরে থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে অন্যদিকে চলে যাওয়ায় তাঁরা নিরাপদে সরে যেতে সক্ষম হন।

রফিকুল ইসলাম মাদানি আরও জানান, ওই সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

আরও পড়ুন: শেরপুরে বাঙালি নদীর উত্তোলনকৃত বালু জব্দ, ২০ হাজার টাকা জরিমানা