অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৫২ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রেম, বিচ্ছেদ, ভুল বোঝাবুঝি আর অতীতের ক্ষত—সম্পর্কের এমন নানা মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভালো আছো তো?’। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা।

শুক্রবার সন্ধ্যায় দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে নাটকটি। প্রেমের গল্প দিয়ে শুরু হলেও কাহিনি এগিয়েছে বিচ্ছেদের দিকে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর জমে থাকা অভিমান, না বলা কথা আর প্রাক্তন মানুষের খোঁজ নেওয়ার আকাঙ্ক্ষা উঠে এসেছে নাটকের গল্পে।

আরও পড়ুন: জন্মদিনে প্রিয় মানুষের অভাব বোধ করছেন পরীমনি

নাটকটির প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টার প্রকাশ করেন অপূর্ব। সেখানে সম্পর্কের ভাঙন নিয়ে তিনি লেখেন, ‘সম্পর্ক নষ্ট করলেও সুন্দরভাবে করতে হয়। কিন্তু আমরা এমনভাবে নষ্ট করি যে, দেখা হলেও বলতে পারি না—কেমন আছো? ভালো আছো তো?’

নাটকটি প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘কিছু ভালোবাসা গল্প হয়ে থেকে যায়। আর কিছু ভালোবাসায় জমে অভিমানী প্রশ্ন। তেমনই এক গল্প দেখা যাবে ভালো আছো তো নাটকে।’

আরও পড়ুন: সাইফকে ‘দ্য কুলেস্ট হাজবেন্ড’ বললেন কারিনা, জবাবে কী বললেন অভিনেতা?

নির্মাতা জানান, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তি পেয়েছে নাটকটি।

এর আগে জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘মন দুয়ারী’ ও ‘মেঘবালিকা’ নাটকে একসঙ্গে কাজ করেছেন অপূর্ব ও নিহা। নতুন নাটক ‘ভালো আছো তো?’-তে আবারও এই জুটিকে পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।