স্পটিফাইয়ে নতুন রেকর্ড বিটিএসের
বিশ্বসংগীতের মঞ্চে আরও একবার নিজেদের জনপ্রিয়তার প্রমাণ দিল দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএস। ডিজিটাল সংগীতের জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে এক বছরে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক ছুঁয়ে নতুন ইতিহাস গড়েছে দলটি। এই অর্জনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে ব্যান্ডটির গান ও শিল্পীদের প্রতি শ্রোতাদের ব্যাপক আগ্রহের বিষয়টি আবারও সামনে এসেছে।
প্রথম কোনো ব্যান্ড হিসেবে এই কৃতিত্ব অর্জন করল জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি ও জাংকুকের দল। সম্প্রতি ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: মায়ের সঙ্গে দুর্গাপ্রতিমা সাজানোই ছিল শৈশবের পূজার আনন্দ: মন্দিরা চক্রবর্তী
বিগহিট মিউজিকের তথ্য অনুযায়ী, এর আগে টেইলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ডে ও ব্যাড বানি একক সংগীতশিল্পী হিসেবে স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক অর্জন করেন। তবে কোনো ব্যান্ড বা সংগীত দল হিসেবে এই প্রথম এমন রেকর্ড গড়ল বিটিএস।
গত বছর স্পটিফাইয়ে বিটিএসের গান শোনা হয়েছিল ৪ দশমিক ৫ বিলিয়ন বার। চলতি বছর সেই সংখ্যা বেড়ে ছাড়িয়ে গেছে ১০ বিলিয়ন। এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে ব্যান্ডটির পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’। গত মার্চে প্রকাশিত অ্যালবামটির গানগুলো এখন পর্যন্ত স্পটিফাইয়ে ৫ বিলিয়নের বেশি বার শোনা হয়েছে। চলতি বছর প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও গড়েছে এটি।
আরও পড়ুন: ৭০টি পর্যন্ত বিয়ের প্রস্তাব পেয়েছেন আয়েশা
দীর্ঘ চার বছরের বিরতি শেষে গত ২০ মার্চ প্রকাশিত হয় বিটিএসের ‘আরিরাং’। দলের সব সদস্যের সামরিক প্রশিক্ষণ শেষে একসঙ্গে ফেরার পর অ্যালবামটি প্রকাশিত হওয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। মুক্তির প্রথম দিনেই স্পটিফাইয়ে অ্যালবামটির গানগুলো ১১ কোটির বেশি বার শোনা হয়েছিল। শুধু স্পটিফাই নয়,বিলবোর্ডের তালিকাতেও সাফল্যের ছাপ রেখেছে ‘আরিরাং’।
২০১২ সালে ব্রিটিশ ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্সের অ্যালবাম ‘বাবেল’-এর পর বিটিএসের এই অ্যালবামই প্রথম কোনো ব্যান্ডের অ্যালবাম হিসেবে ‘বিলবোর্ড ২০০’ চার্টে টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখে।





