বিএনপিকে ভূতে ধরেছে, রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে: লক্ষ্মীপুরে মামুনুল হক

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:১৫ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বিএনপিকে ভূতে ধরেছে, যে ভূত শেখ হাসিনাকে ধরেছিল। বিএনপি রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে দিচ্ছে না। দলীয় ব্যক্তিকে সচিব পদে রেখেছে তারা। দেশে তেল নেই, গ্যাস নেই ও বিদ্যুতের সংকটের কারণে শত শত পোশাক কারখানা বন্ধ। উৎপাদন ব্যাহত হওয়ার কারণে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। অনেকের উৎপাদন তিন ভাগের এক ভাগ হচ্ছে। উৎপাদন কম ও ব্যয় বেশি হওয়ার কারণে ভারতের সঙ্গে আন্তর্জাতিক বাজারে টিকতে পারছে না দেশের পোশাক কারখানাগুলো।

তিনি আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন, কোরআনবিরোধী হেবা আইন বাতিল, গ্যাস ও পানি নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বগুড়ার দুই থানায় নতুন ওসি, বদলি আরও ৫ পুলিশ কর্মকর্তা

মামুনুল হক আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আরও একটি গণঅভ্যুত্থান তৈরি হবে। তিনি বলেন, দেশে যে হারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে। বিএনপি ক্ষমতায় আসার পর জুলাই সনদ বাস্তবায়নে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ৭০ শতাংশ মানুষকে অবজ্ঞা করেছে, অসম্মান করেছে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বিচার বিভাগসহ সব গুরুত্বপূর্ণ স্থানে সংস্কার করেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের এ ধরনের আন্দোলন চলবে বলে জানান তিনি।

খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, গাজীপুর জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি আব্দুল মতিন।

আরও পড়ুন: ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালায় চার স্কুলছাত্রী, উদ্ধার হবিগঞ্জে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।