টঙ্গীর পর এবার সাভারে আগুন, পুড়ল ৮ জেনারেটর
গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার ব্যবধানে এবার ঢাকার সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাদানী সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় ৫০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মাদানী সুপার মার্কেটে আগুন লাগে। পরে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন: বগুড়ার দুই থানায় নতুন ওসি, বদলি আরও ৫ পুলিশ কর্মকর্তা
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় মাদানী সুপার মার্কেটে আগুন দেখতে পান তাঁরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শামীম মিয়া জানান, সন্ধ্যা ৬টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের একটি মার্কেটে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। যৌথ চেষ্টায় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালায় চার স্কুলছাত্রী, উদ্ধার হবিগঞ্জে
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, জেনারেটর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আগুনে কয়েকটি জেনারেটর বিস্ফোরিত হয়। এতে আটটি জেনারেটরসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
এর আগে, একই দিন সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ কাজ করে। সম্মিলিত চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, কারখানাটির ইউনিট-২-এর চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। এতে ওষুধ কারখানাটির দুটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।





